বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার দিনের ভোট রাতে করে, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না। সাংবাদিকরা যাতে সঠিক তথ্য প্রচার করতে না পারে সেজন্য এই লাখো অ্যাক্টিভিস্টের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতা আনসার আলী খান জয়ের অকাল মৃত্যুতে আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!রিজভী বলেন, সরকারের পক্ষ থেকে আজ মিথ্যা কথা বলা হচ্ছে। দেশের শ্রেষ্ঠ বীরদের অপমান করা হচ্ছে। আজ প্রশ্ন তোলা হচ্ছে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন কিনা। যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিলেন তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন? যার সহধর্মিনী বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে গণতন্ত্রকে রক্ষা করেছেন, তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন? জাতি আপনাদেরকে ঘৃণার চোখে দেখছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি।’ অথচ প্রধানমন্ত্রীর স্বামী তার বইয়ে লিখেছেন, ‘যখন জানতে পেলাম একজন মেজর (জিয়াউর রহমান) স্বাধীনতার ঘোষণা দিচ্ছে তখন আমি ও শেখ হাসিনা একসঙ্গে সেই ঘোষণা শুনলাম।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, আপনি বলেছেন ‘বিএনপি আন্দোলন হলে ঘরে বসে থাকে।’ আপনার বক্তব্য সঠিক। কিন্তু আপনার বক্তব্য থেকে একটি শব্দ ছুটে গেছে। সেই শব্দটা হলো ‘লাল ঘরে’ বসে থাকে। ঘরের আগে ‘লাল’ শব্দটা বসবে। কারণ আন্দোলনের কর্মসূচি দেয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত কাউকে আপনারা ঘরে থাকতে দেন না। গ্রেপ্তার করেন।
উল্লেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অপপ্রচার রোধে এক লক্ষ অনলাইন এক্টিভিস্ট এর সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। এই লক্ষ্যে সারাদেশে অনলাইন এক্টিভিস্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে দলের এ উপকমিটি।
![]()