৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
শিরোনাম:

দেশে করোনায় আরো ৫১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৬২ জন

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (বুধবার ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে মারা গেছেন আরও ৫১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জনে। নতুন মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। এই ২৪ ঘণ্টায় ২৬ জন নারী করোনায় মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ২৫ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৬৪৮ জন নারী মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৪৬১ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯ জন মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সীরা। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৯ জন মারা যান। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৭৯৬ জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৪৮৭ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন। সিলেট ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যায়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৪১ জন এবং বেসরকারি হাসপাতালে ১০ জন মারা গেছেন।

এদিকে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৬২ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন। ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ।

এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সারা দেশে মারা যান আরও ৫১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ১ হাজার ৯০১ জনের দেহে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ২০০ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৫০১ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৭২ হাজার ৩২৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৭২ লাখ ২০ হাজার ৭৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৫৯ জন।

এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ৮ হাজার ৮৪০ জন এবং আক্রান্ত ৫ লাখ ১০ হাজার ৯৬২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৮০ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৯৯৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৮৭৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৯৬০ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৬১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৬৪০ জনের।

Loading