২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

পাটুরিয়ায় যানবাহনসহ উল্টে গেছে ফেরি (ভিডিও)

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে ১৭টি যানবাহনসহ পদ্মায় উল্টে গেছে শাহ আমানত নামে একটি ফেরি। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে নদী পার হয়ে পাটুরিয়ায় পৌঁছানোর পরপরই ফেরিটি দুর্ঘটনায় পড়ে বলে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ওই ফেরিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছিল বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। দুটি ট্রাক ও যাত্রীরা নামার পর ফেরিটি কাত হয়ে হেলে পড়ে। ঘাটের পাশে নদীতে কাত হয়ে অর্ধেক ডুবে আছে ফেরি শাহ আমানত। ফেরিটি উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, কাজে সহযোগিতা করতে পাটুরিয়ার পথে রয়েছে আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।

এর আগে ফেরি উল্টে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তাদের ডুবুরি দল সেখানে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ফেরির নিচে যে ডাম্প (ফাঁকা অংশ) থাকে, সেখানে ফুটো হয়ে পানি ঢোকায় নৌযানটি উল্টো যায় বলে তারা ধারণা করছেন।

পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, হতাহতের কোনো খবর তারা এখন পর্যন্ত পাননি।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ‘তিনটি ট্রাক ভেসে গেছে। ট্রাক ছাড়াও ফেরিতে কয়েকটি মোটর সাইকেল, প্রাইভেট কার ছিল। কতজন লোক ছিল সেটা এখনও নিশ্চিত নয়।’

Loading