২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০১
শিরোনাম:

পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করে নাটক সাজানো হচ্ছে : রিজভী

দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির

Thank you for reading this post, don't forget to subscribe!

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনার পরিকল্পনা গণভবন থেকে করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারাদেশের হামলার ঘটনায় যারা আটক হয়েছে তারা সব ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী উল্লেখ করে রিজভী আরও বলেন, সত্য প্রকাশ হয়ে যাওয়ায় এখন পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে নির্যাতন করে মিথ্যা নাটক সাজানো হচ্ছে। এসব আর দেশের মানুষ বিশ্বাস করে না বলেও জানান তিনি। আজ বুধবার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।

‘অসম্প্রদায়িক বাংলাদেশ, আজকের প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতা অপচেষ্টার বিরুদ্ধে ও দ্রব্য মূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ’ শীর্ষক এই মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। উপজেলা সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাহউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।

এ সময় রিজভী বলেন, ‘সম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ বিএনপির আজকের শান্তিপূর্ণ এই মানববন্ধন। সেই মানববন্ধনও যদি সান্ধ্য আইনের মতো হয়? আজকের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান নিয়ে এই মানববন্ধন। দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজপথে নেমে এসেছে। যুগ যুগ ধরে আমাদের সাম্প্রদায়িক যে ঐক্য, সেই ঐক্য যারা বিনষ্ট করে তারা ষড়যন্ত্রকারী, তারা চক্রান্তকারী, তারা দেশের মঙ্গল চায় না।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনা, দেশের বিভিন্ন স্থানে হামলা- এটা দুষ্কৃতিকারী ছাড়া অন্য কেউ করতে পারে না। আমাদের দীর্ঘদিনের যে সামাজিক বন্ধন এটা কেন বিনষ্ট করছেন। নিজের ব্যর্থতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, চালের দাম দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, পেঁয়াজ, মরিচ, ডাল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য স্পর্শ করলেই মনে হয় বৈদ্যুতিক শক করছে। প্রধানমন্ত্রী আপনি কি জনদৃষ্টি অন্যদিকে ফেরাতে এসব করছেন?’

এ সময় গণমাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, যারা এই পূজামণ্ডপে আক্রমণের নেতৃত্ব দিয়েছে, তারা সরকারি দলের লোকজন। তিনি বলেন, ‘রংপুর পীরগঞ্জের ঘটনায় নেতৃত্ব দিয়ে সৈকত, ছাত্রলীগ নেতারাও সেটা পরিষ্কার করেছেন। সরকারকে বলব, এরপরও কী করে বলবেন আপনারা জড়িত নন?’

Loading