২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম:

বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিতে প্রবাসীদের আহ্বান

সরকারের দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করে দেশে আরও বিনিয়োগ করতে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যোগদান করেন।

তিনি বলেন, ‘আমরা প্রতিবন্ধকতাগুলো (আরও যদি থাকে) খুঁজে বের করব। আপনাদের আশ্বাস দিচ্ছি, সেগুলোর সমাধান করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশকে আরও সুবিধাজনক করব।’

আওয়ামী লীগ সরকার সব সময়ই গণমুখী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে।

প্রধানমন্ত্রী যথাযথ চ্যানেল ব্যবহার করে বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য তার সরকার প্রবর্তিত ২ শতাংশ প্রণোদনার কথাও উল্লেখ করেন।তিনি বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে একটি পৃথক ব্যাংকও প্রতিষ্ঠা করেছে।

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসীরা কিছু অসুবিধার কথা উল্লেখ করলে জবাবে প্রধানমন্ত্রী বলেন, আসলে তিনি জানতেন না যে তারা বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি বলেন, লন্ডনে একটি রোড শো হবে, যেখানে আমি বাংলাদেশ উন্নয়ন ও বিনিয়োগ কর্তৃপক্ষকে (বিডা) বিষয়টি খতিয়ে দেখতে বলব।

সরকার প্রধান আরও বলেন, বিনিয়োগের সুবিধার্থে সব বাধা দূর করতে ইতোমধ্যে বিডাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, দেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসীদের জন্য সরকার বিশেষ ব্যবস্থার প্রস্তাব করেছে।

তিনি প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ করে বলেন, ‘আমি আশা করি আপনারা এটি মেনে চলবেন। দেশে বিনিয়োগ বন্ড ও প্রিমিয়াম বন্ড রয়েছে যেখানে প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন।’

তিনি আরও বলেন, সরকার প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে এবং সেখানে প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন।

সূত্র : বাসস

Loading