২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০২
শিরোনাম:

দেশে নয়, বিএনপির ঘরে জ্বলছে অশান্তির আগুন: কাদের

অশান্তির আগুন দেশ নয়, বিএনপির আপন ঘর এখন জ্বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৩ নভেম্বর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে ‘দেশে নাকি অশান্তির আগুন জ্বলছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের-এমন বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না, দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে এ আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ায় আগুন, এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জিভূত হতাশার আগুন।

সেতুমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের চোখ ও মনের ভাষা যারা বুঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে, আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতা ও অস্থিরতায়।

বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে ইনশাআল্লাহ।

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে কাদের বলেন, জন্মলগ্ন থেকে এদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের ওপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত বলেও উল্লেখ করেন কাদের।

বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন, আর সেজন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে।

Loading