গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন নবনির্বাচিত ইউপি সদস্য। লক্ষীপুর ইউনিয়নের হাজির পাড়া এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!স্থানীয়রা জানান, বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লক্ষীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আব্দুর রউফ। পথে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুর রউফ বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লক্ষীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এদিকে, গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোট শুরুর আগে থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে দেশের বিভিন্ন জায়গায়।
রাজবাড়ীর বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়া, যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত এক চেয়ারম্যান সমর্থকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নরসিংদীর মির্জাপুরে আওয়ামী লীগ অফিসসহ দোকানপাটে ভাঙচুর করা হয়েছে। পিরোজপুরের পাড়েরহাটে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের ঘরেও ভাঙচুর চালানো হয়।
এদিকে, মানিকগঞ্জের সিঙ্গাইরে নির্বাচনে হেরে যাওয়ার পর নৌকা প্রতীকের কর্মীর বাড়িতে আগুন দিয়েছে বিজয়ী আনারস প্রতীকের লোকজন।
![]()