৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৮
শিরোনাম:

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের আমেজ

সকাল থেকেই রাজধানীর আকাশে দেখা মেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির। সেই সাথে আবহাওয়ায় হিম হিম ভাব জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গত কয়েকদিনের গরম ভাব শেষে সকালে কয়েক ফোঁটা বৃষ্টির শীতল পরশ এ যেন গানস অ্যান্ড রোজের সেই বিখ্যাত গান ‘নভেম্বর রেইন’ এর মতোই।

Thank you for reading this post, don't forget to subscribe!

কার্তিক মাসের শেষের এই বৃষ্টির আগাম আভাস অবশ্য আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে এমন বৃষ্টি ঝরাচ্ছে।

নভেম্বরের শুরুতে সপ্তাহ খানেক ধরে হিমহিম আবহাওয়া বিরাজ করলেও দুয়েকদিন ধরে তুলনামূলক গরম ভাব ছিল। শনিবার সকালে ঢাকার ঘুম ভেঙেছে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে।

শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন। ছুটির দিনের এমন বৃষ্টিভেজা সকাল গরম খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে অনেকেই ঘরে বসে আজ উপভোগ করবেন। তবে যাদের চাকরি বা অন্য প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হয়েছে তারা পড়েছেন দুর্ভোগে। বৃষ্টির কারণে ধুলা কিছুটা কমবে ভেবে অনেকে আবার স্বস্তিবোধ করেছেন।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার, সন্দ্বীপ ও সীতাকুণ্ডে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ার ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দিনের সর্বনিম্ন।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপ হিসেবে উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি গুরুত্ব হারাবে।

Loading