২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭
শিরোনাম:

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে আবারো আবেদন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চেয়ে তার পরিবার আবারও চিঠি দিয়েছে সরকারকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৫ নভেম্বর) খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার জানান, চিকিৎসকরা খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন, সেজন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আবেদন করেছেন।

এর আগে গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরার এক সপ্তাহ পর খালেদা জিয়াকে শনিবার (১৩ নভেম্বর) আবারও রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর রোববার ভোররাতে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এদিকে রোববার বিকেলে দশ সদস্যের মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চিকিৎসার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হাসপাতালে নেয়ার আট ঘন্টা পর হঠাৎ করেই কয়েকবার বমি করেন তিনি। ঘুমেরও সমস্যা হচ্ছিলো। এক পর্যায়ে দিবাগত রাত তিনটার দিকে খালেদা জিয়াকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট- সিসিইউ’তে নেয়া হয়।

মেডিক্যাল বোর্ডের সদস্যরা আরও জানান, খালেদা জিয়ার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক কমে গেছে। রক্তচাপ ওঠানামা করছে।

এর আগে, করোনা পরবর্তী জটিলতা নিয়ে হার্ট, লিভার, ফুসফুস, কিডনি, আথ্রাইটিসও একটি টিউমার বায়োপসি করার জন্য ২৭ দিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়।

এরপর করোনা মহামারি শুরু হলে পরিবারের আবেদনে খালেদাকে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তবে তাতে শর্ত ছিল, তাকে দেশেই থাকতে হবে। ওই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে বলে নতুন আবেদন করতে হলে খালেদা জিয়াকে কারাগারে ফিরতে হবে বলে যুক্তি দেখান আইনমন্ত্রী আনিসুল হক।

কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া ওঠেন গুলশানের বাসা ফিরোজায়। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হলে এ বছরের মাঝামাঝিতে তিনি প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। এর চার মাসের মাথায় আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো তাকে। ২৬ দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফেরার পাঁচ দিন পর গত ১৩ নভেম্বর তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ গত ৬ মে ভাই শামীম এস্কান্দার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তবে সে আবেদন বিবেচনা করা যাচ্ছে না বলে মত জানিয়েছিল আইন মন্ত্রণালয়।

Loading