বাসভাড়া অর্ধেক দিতে চাওয়ায় বদরুন্নেসা কলেজের ছাত্রীকে ধর্ষণের হুমকির ঘটনায় গাড়ির চালক মো. রুবেল ও হেলপার মো. মেহেদী হাসানকে আটক করেছে র্যাব।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে রাত ৯টায় কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
খন্দকার আল মঈন বলেন, রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল ও হেলপার মো. মেহেদী হাসানকে আটক করা হয়েছে।
গত দুই দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে খণ্ড খণ্ড আন্দোলন করছেন শিক্ষার্থীরা। জানা গেছে শনিবার (২০ নভেম্বর) রাজধানীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ধর্ষণের হুমকি দেয় বাসচালকের সহকারী।
এর প্রতিবাদে রোববার রাজধানীর বকশীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। অবরোধের কারণে চানখাঁরপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল কয়েকঘণ্টা বন্ধ হয়ে যায়।
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসসহ তিন দফা দাবি জানান শিক্ষার্থীরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে, ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এদিকে গণপরিবহনে শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদ ও শিক্ষার্থীদের হাফপাস চালুর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
![]()