৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৩
শিরোনাম:

সিনোভ্যাক ও সিনোফার্মা টিকা গ্রহণকারীদের বুস্টারডোজ ছাড়াই ওমরাহ্ পালনের সুযোগ

ধর্ম মন্ত্রণালয়ে ২০২২ সালের পবিত্র হজের পূর্ব প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : আমাদের সময়

Thank you for reading this post, don't forget to subscribe!

সিনোভ্যাক ও সিনোফার্মা টিকা গ্রহণকারী বাংলাদেশিরা বুস্টারডোজ ছাড়াই ওমরাহ্ পালন করতে পারবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ রোববার বেলা ১১টায় ধর্ম মন্ত্রণালয়ে ২০২২ সালের পবিত্র হজের পূর্ব প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের সমন্বয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আগামী বছরের হজ ব্যবস্থাপনা সুন্দরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ কার্যক্রম শেষ করার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, কোভিড -১৯ করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে গত বছর ও চলতি বছর সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ থেকে হজের সুযোগ ছিল না। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হওয়ায় পবিত্র ওমারহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ওমরাহ যাত্রী স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্তাবলি সাপেক্ষে ওমরাহ পালন করছেন।

তিনি বলেন, আশা করা যায় সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৮ জুলাই (৯ জিলহজ্জ ১৪৪৩ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশি হজযাত্রীগণ হজে অংশ গ্রহণ করবেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সৌদি আরব-বাংলাদেশ হজ চুক্তির পর বিস্তারিত বলা সম্ভব হবে। তবে আগামী হজ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে হজের অনেক কার্যক্রমের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে।’

বৈঠকে প্রাক-নিবন্ধনের বিদ্যমান অবস্থা, নিবন্ধিত হজযাত্রীদের বিদ্যমান অবস্থা, হজ প্যাকেজ, প্রাক নিবন্ধন ও নিবন্ধন কার্যক্রমের বর্তমান অবস্থা, ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্রয়, পাসপোর্ট, রোড টু মক্কা ইনিশিয়েটিভ, বাংলাদেশ থেকে ওমরা পালনের নিমিত্ত সৌদি আরবে গমনকারী ব্যক্তিগণকে বুস্টার ডোজ প্রদান, হজ যাত্রীদের জন্য টিকা ক্রয়, ইলেকট্রনিক হেলথ প্রোফাইল, হজের কার্যক্রম বিষয়ে প্রচার- প্রচারণা, হজ এজেন্সি নবায়ন ও তালিকা প্রকাশসহ বিবিধ বিষয়ের করণীয় নির্ধারণ করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ধর্ম, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন, স্বাস্থ্য, তথ্য, সিভিল এভিয়েশন, স্বাস্থ্য অধিদপ্তর, হজ অফিস, ঢাকা ও জেদ্দা, পাসপোর্ট, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), সোনালি ব্যাংক, ইসলামিক ফাউন্ডেশন ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (হাব)বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার প্রতিনিধিগণ সভায় অংশ নেন।

 

Loading