২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭
শিরোনাম:

সেই সাদিয়ার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের একটি ড্রেনে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়া। তার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (৫ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।

একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে তার মৃত্যুর ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি রুলে জানতে চাওয়া হয়েছে, কোনো উন্নয়নমূলক কাজ চলাকালীন পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না ?

এর আগে গত ২৫ নভেম্বর রিট দায়ের করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ড্রেনে পড়ে সবজি বিক্রেতা সালেহ আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়া মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

Loading