২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৯
শিরোনাম:

‘মুরাদের জায়গা হওয়া উচিত পাবনার পাগলা গারদে’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের জায়গা পাবনার পাগলা গারদে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর সাম্প্রতিক আলোচিত বক্তব্যকে কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কাউন্সিল উপলক্ষে জাতি গঠনে যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। জাফরুল্লাহ বলেন, ‘ডা. মুরাদের মাথায় ক্যানসার ঢুকে পড়েছে। তার জায়গা হওয়া উচিত পাবনার পাগলা গারদে। ’

তিনি বলেন, ‘একজন মন্ত্রীর এতটা নোংরা ভাষায় কথা বলা সামগ্রিক রাজনীতির জন্য লজ্জাজনক। কেউ যদি তার স্ত্রী, বোন বা সন্তানকে নিয়ে এমন মন্তব্য করেন তাহলে তার কেমন লাগবে। আমাদের শালীন হওয়া দরকার। আমাদের মন্ত্রিত্বের লোভে অমানুষ হওয়া উচিত নয়।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, ‘অবিলম্বে যদি ডা. মুরাদকে বরখাস্ত করা না হয় তাহলে সবাই বুঝবে আওয়ামী লীগ এসব নোংরা মানসিকতার লোকদেরকেই মন্ত্রী বানায়।’

স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বলেছেন- তাদের ১২ কোটি ডলার ভ্যাকসিন কিনতে খরচ হয়েছে। কিন্তু আমরা (গণস্বাস্থ্য কেন্দ্র) অর্ধেক দামে ভ্যাকসিন দিতে চেয়েছিলাম, তারা (সরকার) নেয়নি। এটার কি বিচার হবে না? এই বিচার স্বাস্থ্যমন্ত্রীর হবে, প্রধানমন্ত্রীর হবে।’

যুব অধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি কমিটির সমন্বয়ক মুহাম্মদ আতাউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসান, প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।

Loading