জল্পনাই সত্যি হলো। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন রোহিত শর্মা।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (৮ ডিসেম্বর) টুইট করে এ খবর জানিয়েছে বিসিসিআই। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে অধিনায়ক হতে চলেছেন রোহিতই। শুধু তাই নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলেরও সহ-অধিনায়ক করা হয়েছে রোহিতকে।
কোহলি যেদিন থেকে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন, সেদিন থেকেই জল্পনা শুরু হয়ে যায় যে একদিনের ক্রিকেটেও তাকে হয়তো আর অধিনায়ক রাখা হবে না। কোহলি যদিও নিজের মুখে কিছু বলেননি। তবে এটা কার্যত স্পষ্ট হয়ে যায় যে, তাকে শুধু টেস্ট দলের অধিনায়ক রাখতেই আগ্রহী দল পরিচালনা কমিটি। তখন থেকেই রোহিতকে কোহলীর উত্তরসূরি ভাবা হচ্ছিল।
আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সকে সফলভাবে এত বছর নেতৃত্ব দিয়ে এসেছেন রোহিত। পাঁচটি ট্রফিও জিতেছেন। সেখানে কোহলি নিজের দলকে একবারও আইপিএল জেতাতে পারেননি। সম্প্রতি টি-টোয়েন্টিতেও তার অধীনে ভারতের পারফরম্যান্স আহামরি কিছু নয়। ফলে রোহিতকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা অনুমান করেই নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তেই বুধবার সরকারিভাবে সিলমোহর দেওয়া হল বোর্ডের পক্ষে।
জানা গিয়েছে, নির্বাচকদের পক্ষে রোহিত এবং কোহলি, দুজনের সঙ্গেই আলাদা করে কথা বলা হয়েছে। নতুন নেতা হিসেবে রোহিত কোন পথে দলকে নিয়ে যেতে চাইছেন, সেটাও জানতে চাওয়া হয় তার কাছে। রোহিতের উত্তরে সন্তুষ্ট হয়েই তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
![]()