২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০২
শিরোনাম:

রাষ্ট্রপতির সঙ্গে আরও ৭ দলের সঙ্গে সংলাপসূচি চূড়ান্ত

নির্বাচন কমিশন (ইসি) পুনঃগঠন নিয়ে আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপের সূচি চূড়ান্ত করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার দুপুরে রাষ্ট্রপ্রধানের কার্যালয় বঙ্গভবনের প্রেস উইং থেকে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এসব দলের সঙ্গে সংলাপের তারিখ জানানো হয়।

এদিন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়ের মধ্য দিয়ে এবারের সংলাপ শুরু হয়। বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদে) সঙ্গে সংলাপের সূচি আগেই জানানো হয়েছিল।

সোমবার আরও সাত দলের নাম আসায় এ পর্যন্ত মোট নয় দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের সূচি চূড়ান্ত হল। আওয়ামী লীগ ও বিএনপিসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত দল এখন তিন ডজনের বেশি।

সূচি অনুযায়ী ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং সন্ধ্যা ৬টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মতবিনিময় হবে রাষ্ট্রপতির। পরদিন ২৭ ডিসেম্বর তরিকত ফেডারেশনের সঙ্গে বিকাল ৪টায় এবং খেলাফত মজলিসের সন্ধ্যা ৬টায় সংলাপ হবে।

১৪ দলের আরেক শরিক ওয়াকার্স পার্টির সঙ্গে ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় বসবেন রাষ্ট্রপতি। পরদিন ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং ইসলামী ঐক্যজোটের সঙ্গে সন্ধ্যা ৬টায় সংলাপ হবে।

নূরুল হুদা নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন ইসি নিয়োগ দিতে হবে। সংলাপের মাধ্যমে সার্চ কমিটি গঠন করে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। এবরও তাই হচ্ছে।

২০১৬ সালের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সেই সংলাপ শুরু হয়েছিল। তা এক মাস ধরে ৩১টি দলের সঙ্গে চলে।

বঙ্গভবনের একজন কর্মকর্তা জানান, এবার এক মাস ধরে এই সংলাপ নাও হতে পারে। করোনাভাইরাস মহামারীর কারণে কম সময়ে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করবেন।

Loading