২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৩
শিরোনাম:

লঞ্চে আগুন: ২১ কবরে ২৩ মরদেহ

ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। ২১টি কবরে মোট ২৩ জনের মরদেহ দাফন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস মাঠে এ জানাজা সম্পন্ন হয়। এরপর বেলা পৌনে তিনটার দিকে তাদের দাফন সম্পন্ন করা হয়।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৩৭টি লাশ বরগুনা জেলা প্রশাসন গ্রহণ করে। এদের মধ্যে ১৪টি মরদেহের পরিচয় সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাকি ২৩টি লাশ ২১টি কবরে দাফন করা হয়। এদের মধ্যে ২টি শিশু থাকায় তাদের মায়ের কবরে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। লঞ্চটি রাত ৩টার দিকে ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনরুমে লাগা আগুন মুহূর্তেই পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে এখনো অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

যাত্রীরা জানান, লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠি লঞ্চ টার্মিনালের ঠিক আগে গাবখান সেতুর কিছু আগে লঞ্চের ইঞ্জিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে।

এদিকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন স্থানীয় গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Loading