৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৫
শিরোনাম:

ঝটিকা অভিযানে দখলমুক্ত ফুটপাত, উচ্ছেদ বাজার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের ঝটিকা অভিযানে মিরপুরের হেমায়েত উদ্দীন বীর বিক্রম সড়কের ফুটপাত ৩০ মিনিটেই দখলমুক্ত করা হয়েছে। একইসঙ্গে ফুটপাতের পাশেই অবৈধভাবে গড়ে ওঠা রাইনখোলা বাজারটিও উচ্ছেদ করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ওই এলাকায় আকস্মিক পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র। এ সময় ঝটিকা অভিযানে ওই এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। পাশাপাশি অবৈধভাবে গড়ে ওঠা বাজারেও অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেওয়া হয়।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নতুন বছর উপলক্ষে মশক নিধন কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামেন। গতকাল বুধবারও তিনি মিরপুর এলাকায় ঝটিকা পরিদর্শনে গিয়ে রাস্তায় অবৈধভাবে ইট, বালুসহ নির্মাণসামগ্রী রাখার দায়ে কয়েকটি বাড়ির মালিক ও দোকানির বিরুদ্ধে মামলা ও জরিমানার নির্দেশ দেন।

আতিকুল ইসলাম আজ সকালে মিরপুরের মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে ফিরছিলেন। হঠাৎ রাস্তার পাশে ফুটপাত দখল করে স্থাপিত কাঁচাবাজারটি তার নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি গাড়ি থামিয়ে ফুটপাতে বাজার বসানোর কারণ জানতে চান।

কোনো সঠিক উত্তর না পাওয়ায় সঙ্গে সঙ্গে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন। সিটি করপোরেশনের কর্মীরা এসে ৩০ মিনিটের মধ্যেই দোকানপাট সরিয়ে ফুটপাতটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা এসে ফুটপাতের পাশে স্থায়ীভাবে গড়ে ওঠা রাইনখোলা বাজারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। বাজারটির অনুমতিপত্র দেখাতে বলা হলেও কেউ তা দেখাতে পারেনি। তাৎক্ষণিকভাবে মেয়র মো. আতিকুল ইসলাম এটি গুড়িয়ে ফেলার নির্দেশ দেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম অভিযান প্রসঙ্গে বলেন, সাধারণ মানুষ যাতে পায়ে হেঁটে চলাচল করতে পারে এ জন্য ফুটপাত তৈরি করা হয়েছে। কিন্তু সেই ফুটপাত দখল করে কাঁচাবাজার বসানো হয়। মানুষ বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে মূল রাস্তা দিয়ে চলাচল করে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সিটি করপোরেশন অবৈধ দখল মুক্ত করতে কোন দখলদার নোটিশ দেবে না। ডিএনসিসি চলবে তার নিজের গতিতে।

এর আগে ডিএনসিসি মেয়র চিড়িয়াখানার পাশে জাতীয় উদ্যানে মশক নিধন কার্যক্রম দেখতে যান। এ সময় তিনি উদ্যানের ডোবাগুলো পরিদর্শন করে এর বাস্তব চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি উদ্যানের পরিচালককে আগামী ৭ দিনের মধ্যে ডোবাটি পরিষ্কার করতে বলেন। সাত দিন পর আবারও স্থানটি পরিদর্শনে যাবেন বলে জানান।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাসেম মোল্লা আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading