৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৪
শিরোনাম:

বিএনপির আন্দোলন থামাতেই বিধিনিষেধ আরোপ : গয়েশ্বর

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের বিধিনিষেধ আরোপ এবং একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির আন্দোলন থামাতে এমনটা করা হয়েছে কিনা-সরকারের কাছে সে প্রশ্নও রাখেন গয়েশ্বর।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও তার সহধর্মিনীর রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন চলছে। ইউপি নির্বাচনেও মারামারি কাটাকাটি যা হওয়ার হচ্ছে। সরকারি প্রজ্ঞাপন জারি করার পরেও এ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম বন্ধ করেনি। তাহলে প্রজ্ঞাপন জারির পর নির্বাচন করা কি প্রযোজ্য? নির্বাচন কমিশনের কাছে সরকারও কোনো অনুরোধ করেনি। এ প্রশ্নের উত্তর পেতে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য অনেকেই রাজপথে নেমেছেন। ঠিক সেই মুহূর্তে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সব কিছুই চলছে, দোকানপাট ব্যবসা-বাণিজ্য সব চলবে। শুধু চলবে না রাজনৈতিক সমাবেশ। আর রাজনৈতিক সমাবেশ করে কারা, বিএনপি। সুতরাং এটা বিএনপির আন্দোলন থামানো চেষ্টা।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading