৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৪
শিরোনাম:

কৃষকের ওপর হামলা চালিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ

ফরিদপুরের নগরকান্দায় শত্রুতার জেরে তৌহিদ মোল্লা (৫০) নামে এক কৃষকের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরকান্দার আটকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আহত তৌহিদ মৌল্লা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের আজিত মোল্লার ছেলে। এ ঘটনায় আহতের ভাই বাচ্চু মোল্লা বাদী হয়ে মঙ্গলবার নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।

স্থানীয়দের দাবি, আটকাহনিয়া গ্রামের আমির হোসেন মোল্লা, বাদল মোল্লা, সাইফুদ্দিন মোল্লা, আহাদ মোল্লা ও সোহাগ মৌল্লাসহ কয়েকজন দেশি অস্ত্র নিয়ে তৌহিদ মোল্লার ওপর হামলা চালান। তৌহিদ মোল্লার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করাসহ হাত ও পায়ের রগ কেটে দেন তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাচ্চু মৌল্লা বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টার দিকে আমার ভাই নগরকান্দা বাজার থেকে বাড়ি ফেরার পথে আটকাহনিয়া ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়।’ নগরকান্দা থানার এসআই পিজুষ কান্তী দে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে হামলাকারী হোসেন মৌল্লা, বাদল মৌল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

Loading