৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২১
শিরোনাম:

সাভারে চিকিৎসার ছলে অপহরণ, আটক ৩

সাভারের আশুলিয়ায় মাকসুদুল হক (২১) নামের এক সিঙ্গাপুর ট্রেইনিং সেন্টারের প্রশিক্ষণার্থীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় এক অপহরণকারী পালিয়ে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে কুরগাঁও নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার পাবর্তীনগর থানার মশথপুর গ্রামের মৃত কাজল হোসেনের ছেলে ইয়াছিন (১৯), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দিগার হাওলা গ্রামের রুবেল মিয়ার ছেলে অন্তর (২০) ও ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ থানার মইশা হাটা গ্রামের তোতা মিয়ার ছেলে শাহিন (১৯)।

এ ছাড়া পালিয়ে যাওয়া অপহরণ চক্রের সদস্য ইকরাম (২৫)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই আশুলিয়ার কুরগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

ভুক্তভোগী মাকসুদুল হক নরসিংদী জেলার শিবপুর থানার দক্ষিণ সাদার চর গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশে আশুলিয়ার গৌরীপুর এলাকার সিবিটি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

পুলিশ জানায়, গতকাল রাতে মাকসুদুল তার বন্ধুকে গাড়িতে উঠিয়ে দিতে নবীনগর বাসস্ট্যান্ডে আসেন। পরে মাকসুদুল ট্রেনিং সেন্টারের দিকে ফেরার জন্য মহাসড়কের ফুটওভার ব্রিজ-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সেনাশপিং কমপ্লেক্সের সামনে আসেন। এ সময় অপহরণকারীরা পরিকল্পিতভাবে একটি ইজিবাইক তার ওপর উঠিয়ে দেয়। মাকসুদুল আহত হলে হাসপাতালে নেওয়ার কথা বলে কুরগাঁও এলাকার মাতৃছাড়া স্কুলে নিয়ে যায়।

পরে সেখানে তার কাছে থাকা নগদ ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অপহরণকারীরা। তার বিকাশ বা রকেট অ্যাপের পিন নম্বর না দেওয়ায় ব্যাপক মারধর করে তাকে। পরে পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে ভুক্তভোগীর বোন সাড়ে ৪ হাজার টাকা পাঠিয়ে দেন। এ খবর পেয়ে ভুক্তভোগীর এক বন্ধু ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং মাকসুদুলকে অক্ষত উদ্ধার করে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, জরুরি সেবা (৯৯৯) থেকে কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে বিকাশ লেনদেনের সূত্র ধরে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

Loading