জনগণ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে বাঁচার আশায় জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (২৬ জানুয়ারি) দুপুুরে দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে তিনি একথা বলেন।
জাপা মহাসচিব বলেন, দুর্নীতি ও দুঃশাসন আর কিছু সরকারি কর্মকর্তা কর্মচারির অতি উৎসাহে দেশের মানুষ আওয়ামী লীগের ওপর বিরক্ত। আবার বিএনপির বক্তৃতায় দেশ ও দেশের মানুষের জন্য কী করবে তা স্পষ্ট নেই। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখছে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে বিবেচনা করছে। তারা জাতীয় পার্টিকে আরো শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়।
তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে বাঁচার আশায় জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানাই।
বিদেশে লবিস্ট নিয়োগ প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, যদি আওয়ামী লীগ সরকারিভাবেই লবিষ্ট নিয়োগ করে থাকে তা হলে সরকারকেই বলতে হবে কেন এবং কিভাবে টাকা দেয়া হলো। আবার আওয়ামী লীগ যদি দলীয়ভাবে লবিষ্ট নিয়োগ করে তা হলেও বলতে হবে এই টাকার উৎস কী এবং এই টাকা বৈধ নাকি অবৈধ এবং বিএনপি লবিষ্ট নিয়োগ করলেও প্রকাশ করতে হবে কি উদ্দেশ্যে তারা লবিষ্ট নিয়োগ করেছে, কোথায় পেয়েছে তারা এত টাকা। দেশের মানুষ জানতে চায় বিদেশে লবিষ্ট নিয়োগে কারা এবং কত টাকা পাচার করেছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপির রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
![]()