৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২২
শিরোনাম:

রাজৈরে উপনির্বাচন ঘিরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে এমপি পুত্র আসিফ খান ভোটকেন্দ্রে প্রবেশ করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : আমাদের সময়

Thank you for reading this post, don't forget to subscribe!

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে এমপি পুত্র আসিফ খান ভোটকেন্দ্রে প্রবেশ করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসনের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ১০৪ নম্বর নয়াকান্দি সরকারি প্রাথামিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের সময় এ ঘটনা ঘটে।

ঘটনার পর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সুষ্ঠুভাবে ভোটগ্রহণের আশ্বাস দেন তারা। পরিস্থিতি সামাল দিতে একজন ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে এমপি শাজাহান খান পুত্র জেলা ছাত্রলীগের সহসভাপতি আসিফ খান তার লোকজন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ নিয়ে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থক মিজানুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে সুমন শেখ ও এনামুল হককে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় এবং হারুন চৌধুরী, রিপন শেখ ও সাগর হোসেন উজির স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।

এ ব্যাপারে আসিফ খান জানান, আমি পর্যবেক্ষক কার্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম। এদিকে মিজানুর রহমান জানান, আসিফ খান তার লোকজন নিয়ে ভোটকেন্দ্রের ভিতরে প্রবেশ করে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছিল। আমি বাধা দিলে আমার ওপর আক্রমণ করে।

Loading