৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫০
শিরোনাম:

ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি

শুক্রবার রাতে বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে আঠারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন তিন জেলে। শুক্রবার রাতে পূর্ব সুন্দরবনের দুবলার চরের কাছে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনায় পড়েন তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বন বিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেছেন, মাছ ধরার ১৮টি ট্রলার ডুবে গেছে। সব মিলিয়ে জেলেদের ক্ষতি হয়েছে প্রায় দুই কোটি টাকার।

তবে ট্রলার মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, ডুবে যাওয়া ট্রলারের সংখ্যা ১৫ থেকে ২০টি। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বনবিভাগ ও কোস্টগার্ড। সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা জানান, পঞ্চাশ থেকে ষাটটি ট্রলারে করে জেলেরা সাগরে মাছ শিকার করছিলো। হঠাৎ প্রবল বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া শুরু হলে আঠারটি ট্রলার উল্টে ডুবে যায়। এসব ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে তীরে ফিরতে পারলেও তিন জেলে নিখোঁজ হন। তারা হলেন, শাহীনুর রহমান, মফিজুল ইসলাম ও মিজানুর রহমান।

বঙ্গোপসাগরের ছয় নম্বর বয়ার কাছাকাছি এসব ট্রলার ডুবে গেছে। কোস্ট গার্ডের মুখপাত্র আবদুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, একাধিক ট্রলার ডুবির খবর পেয়েই কোস্ট গার্ড উদ্ধার অভিযান শুরু করেছে। তবে আসলে কতগুলো ট্রলার নিখোঁজ হয়েছে, সেই তথ্য এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি।

ঝড়ের ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আগাম কোন সতর্কবার্তা ছিল না বলেও জানান তিনি।

সাধারণত মাছ ধরার ট্রলারগুলোয় আট থেকে দশ জন মাঝি তিন থেকে পনের দিনের জন্য সাগরে মাছ ধরতে যায়। বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে এসব ট্রলার দলবদ্ধ হয়ে মাছ ধরে থাকে। ফলে ট্রলার ডুবি হলেও জেলেদের অন্য ট্রলারের লোকজন দ্রুত উদ্ধার করতে পারে।

দেশের আবহাওয়াবিদরা বলেছেন, সমুদ্রে সিগন্যাল বা সংকেত জারির মতো পরিস্থিতি শুক্রবার তৈরি হয়নি। তবে লঘুচাপের কারণে বাতাস প্রবল হয়ে উঠতে পারে। পশ্চিমা লঘুচাপ বাংলাদেশের ওপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। সেই জন্য কিছুটা বৃষ্টি বা মেঘলা পরিবেশের তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সাগরের ওপরে খোলা জায়গা হওয়ায় সেখানে অনেক সময় বাতাসের চাপ বেড়ে যায়। তবে সাগরে সংকেত জারি করার মতো কোন পূর্বাভাস ছিল না।

তবে শুক্রবার নদীবন্দরগুলোয় এক নম্বর ও দুই নম্বর সতর্ক সংকেত জারি ছিল বলে তিনি জানিয়েছেন।

Loading