২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৩
শিরোনাম:

‘আজিজ মার্কা’ নির্বাচন কমিশন চায় বলে সাড়া দিচ্ছে না বিএনপি: হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন বিএনপি কখনো গণতন্ত্রের কোনও পদ্ধতিতে বিশ্বাসী ছিল বলে তাদের ইতিহাস বলে না। তারা যখন ক্ষমতায় ছিল কখনোই নির্বাচন কমিশন আইন গঠন করেনি এবং কমিশন গঠন করতে কারো সাথে আলোচনার প্রয়োজন বোধ করেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে সার্চ কমিটি গঠন করে আলাপ-আলোচনার ভিত্তিতে কমিশন গঠন করছে।

তিনি বলেন, বিএনপির পছন্দ আজিজ মার্কা নির্বাচন কমিশন, যিনি ভুয়া ভোটার বানিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এ রকম কমিশনই তাদের পছন্দ আর সে কারণেই বর্তমানে আইনসিদ্ধ যে কমিশন হচ্ছে তাতে সাড়া দিচ্ছে না বিএনপি। এতেই বোঝা যায় তারা রাজনৈতিকভাবে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। কিন্তু তারা নাম দিক বা না দিক নির্বাচন কমিশন আইন অনুযায়ী সঠিক সময়ে তা গঠিত হয়ে যাবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বক্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, বিএনপি মনে করে সেই নির্বাচনে গ্রহণযোগ্য যাতে তারা ক্ষমতায় বসতে পারে। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার সামনে তুলে তিনি বলেন, বিদেশে নিয়ে চিকিৎসা না করালে তিনি (খালেদা জিয়া) নাকি বাঁচবেন না। কিন্তু এখন তো বাসায় ঠিকই সুস্থ আছেন। বিএনপি মিথ্যাচার করে সবসময়ই জাতিকে বিভ্রান্ত করে আসছেন।

 

Loading