২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫২
শিরোনাম:

নিবন্ধিত দল এখনও নাম প্রস্তাব করলে গ্রহণ করবে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য চার সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেছেন, সার্চ কমিটি আমাদের জানিয়েছেন- এখনও যদি বড় কোনো নিবন্ধিত দল ইসি গঠনে নাম প্রস্তাব করে তাহলে তারা তা গ্রহণ করবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের সেমিনার কক্ষে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে বিকেল ৪টা ২৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নিয়েছেন- বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

এর আগে বৈঠকে যোগ দিতে আট জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিমের সই করা চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এবং রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে সোমবার (১৪ ফেব্রুয়ারি)। আইন অনুযায়ী, অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম জমা দেবে।

অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। এ ১০ জনের মধ্য থেকে সিইসিসহ পাঁচজনকে দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করবেন রাষ্ট্রপতি। দেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে।

এর আগে, শনিবার নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্যসম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

 

Loading