বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলো। কিন্তু এখন আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট নগরের বেসরকারি হাসপাতালে ক্যাথ ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে নাম প্রস্তাব না করা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী বলেন, আওয়ামীলীগ গণতান্ত্রিক দল। আর বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। জোর করে ক্ষমতা দখল করেছে। এরপর তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুমড়ে-মুচড়ে ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, বিএনপিকে নির্বাচন করতে হলে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। জনগণের কাছে যেতে হবে।
দুপুরে নগরীর পাঠানটুলায় বেসরকারি হাসপাতাল ‘মাউন্ট এডোরা’য় হৃদরোগীদের উন্নত চিকিৎসা দেয়ার লক্ষ্যে স্থাপিত ‘ক্যাথ ল্যাব’ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, সাংবাদিকেরাই দেশের বিরুদ্ধে ‘লবিস্টের কাজ’ করছেন। বিদেশি রাষ্ট্রদূতদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে জানানো ও জিজ্ঞেস করাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করেন মন্ত্রী। আবদুল মোমেন আরও বলেন, ‘আপনারা সব সময় আগ-বাড়িয়ে প্রশ্ন করেন। আপনাদের এ অভ্যাস বন্ধ করা উচিত।’
দেশের বিরুদ্ধে বিএনপির যুক্তরাষ্ট্রে ‘লবিস্ট নিয়োগের’ বিষয়ে সরকারের পদক্ষেপ কী— এমন প্রশ্নে কিছুটা ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারাই (সাংবাদিকরা) লবিস্টের কাজ করছেন, ওদের প্রমোট করছেন। দুনিয়ায় কোনো দেশের রেডিও-টিভিতে তার দেশের খারাপ বিষয়গুলো এভাবে তুলে ধরা হয় না। এ সব নিয়ে বকবক করে না। শুধু বাংলাদেশে আপনারা নিয়োজিত থাকেন। এটা খুব দুঃখজনক।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে। ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা দেয়ার অনেক সুযোগ রয়েছে। এখন সিলেটসহ সারা দেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবে।’
![]()