২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৯
শিরোনাম:

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ১৫০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের মৃত্যুর চেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ২ হাজার ১৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনে। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৪ হাজার ৬৯৮ জনের। শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।

এর আগে, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দেশে করোনা ভাইরাসে ২৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৫৮৪ জন।

এদিকে, করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৩৫০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৯১ হাজার ৯৫৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৪ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ৯২৮ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৪ লাখ ৫৩১ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৮ হাজার ৩০০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৮ লাখ এক হাজার ৩২৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১১ হাজার ২৬২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ২২৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৩ হাজার ১১১ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৫১ হাজার ১৮৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৪৪৬ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ২০৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৩৭৯ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Loading