৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৫
শিরোনাম:

‘জনগণ যাকে ভালোবাসে তার স্লোগানের প্রয়োজন নেই’

ক্ষমতার আস্ফালন দেখিয়ে বিজয়ী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি জনগণ যাকে ভালোবাসে তার স্লোগানের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। আজ রোববার দুপুরে নাটোর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বক্তব্যে নাটোর জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে স্লোগান দেওয়া নিয়ে শনিবার বিকেলের সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক বলে আখ্যায়িত করেন মন্ত্রী। তিনি বলেন, ‘যারা নিজ দলে এমন বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন।’

এ সময় তৃণমূলের নেতাকর্মীদের কথা মাথায় রেখে সুন্দর একটি জেলা কমিটি উপহার দেওয়ার জন্য উপস্থিত নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নেতাগিরি, স্লোগান, ক্ষমতার আস্ফালন বন্ধ করতে হবে। কেননা ক্ষমতার আস্ফালন দেখিয়ে বিজয়ী হওয়া যায় না। জনগণ যাকে ভালোবাসে তার স্লোগানের প্রয়োজন নেই। কাজ ভালো থাকলে স্লোগানের প্রয়োজন হয় না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ক্ষমতার আস্ফালন করতো। এখনো তারা আস্ফালন করে। এখনো আওয়ামী লীগকে বিএনপি ভয় দেখাচ্ছে। কারণ তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে সহিংসতার রাজনীতি, আগুন সন্ত্রাস করতে চায়।’

এ সময় বিএনপিকে হুঁশিয়ার করে সেতুমন্ত্রী বলেন, ‘শান্তির ভাষায় কথা বলুন। অশান্তি করতে চাইলে, জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি জবাব দেওয়া হবে।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করছেন। এর সঙ্গে আপনারাও জনগণের সঙ্গে ক্ষমতার আস্ফালন না করে ভালো ব্যবহার করুন। উন্নয়নের সঙ্গে ভালো ব্যবহারের সংযোগ হলে বিজয় কেউ ঠেকাতে পারবে না। ’

এ সময় অন্যান্যের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, কেন্দ্রীয় আ.লীগ নেতা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

Loading