২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৬
শিরোনাম:

ধর্ষণসহ একাধিক মামলার আসামিকে গলা কেটে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে রুহুল সর্দার (৪০) নামে ধর্ষণসহ একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরসাদিপুর গ্রামের পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে ৫০০ বিঘার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রুহুল সরদার চরসাদিপুর গ্রামের মুনতাজ সর্দারের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে চরসাদিপুর গ্রামের পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে ৫০০ বিঘার মাঠে রুহুলের গলা কাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

রুহুলের মরদেহের পাশে রক্ত ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিরোধের জের ধরেই রুহুলকে হত্যা করা হয়েছে। রুহুল মাদক ও অস্ত্র কারবারিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান বলেন, রুহুলের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো মামলা হয়নি ও কাউকে আটক করাও যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Loading