২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪২
শিরোনাম:

সিরাজগঞ্জে প্রকাশ্যে কাউন্সিলরের ছেলেকে ছুরিকাঘাত

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাহমিনা খাতুন মিনার ছেলে রাশেদুল ইসলাম সৌরভকে (২৬) প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাজার স্টেশন এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আহত সৌরভ পৌর এলাকার শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী। এ ঘটনায় জিহাদ নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি পৌর এলাকার শাহেদ নগর মহল্লার কালাম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিনদিন আগে সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ ও ব্যাপারীপাড়া মহল্লার কয়েকজন যুবকের সঙ্গে সৌরভের কথা কাটাকাটি হয়। দুপুরে সৌরভ স্কুলের কাজে সদর উপজেলা পরিষদে যাওয়ার পথে শহরের বাজার স্টেশন এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক তার উপর হামলা করে। এ সময় ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, ধারালো অস্ত্র দিয়ে পিঠের নিচের অংশে আঘাত করায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪-৫ জন যুবক তাকে ছুরিকাঘাত করেছে। ঘটনাস্থল থেকে জিহাদ নামে এক যুবককে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Loading