২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩
শিরোনাম:

টাকার বিনিময়ে টিকা দিচ্ছিলেন গার্মেন্টস ঐক্য ফোরাম নেতা, আটক ২

গাজীপুরে টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়ার সময় গার্মেন্টস ঐক্য ফোরামের শ্রীপুর থানা কমিটির এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিনোভ্যাকের অর্ধপূর্ণ তিনটি ও চারটি খালি ভায়াল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে শ্রীপুর উপজেলায় মুলাইদের রঙ্গিলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তারা হলেন- গার্মেন্টস ঐক্য ফোরামের শ্রীপুর থানা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং মাওনা বাজার এলাকার সুলতানা পারভীন।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, কয়েক দিন আগে থেকেই জাহাঙ্গীর রঙ্গিলাবাজার এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা করে নিয়ে করোনার টিকাকার্ড সংগ্রহ করেন। পরে শনিবার দুপুর থেকে রঙ্গিলাবাজারে জাহাঙ্গীর সংগঠনের অফিসে বসে টিকাকার্ড সরবরাহকারীদের টিকা দেওয়া শুরু করেন।

গার্মেন্টস শ্রমিক আব্দুল বাতেন বলেন, ‘২৬ ফেব্রুয়ারির পর করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ আর দেওয়া হবে না- এমন ঘোষণা শোনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় গিয়েছি। দীর্ঘ লাইন থাকায় ভ্যাকসিন না দিয়েই ফিরতে হয়েছে। এখানে টাকার বিনিময়ে বিনামূল্যের ভ্যাকসিন দেওয়ায় স্থানীয় মানুষজন বিক্ষুব্ধ ছিল।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, ‘বিষয়টি শুনেছি। তারা কীভাবে, কোথা থেকে টিকা পেল তা খতিয়ে দেখতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

Loading