সয়াবিন তেল নেই জানিয়ে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছিলেন এক দোকানি। কিন্তু ভোক্তাদের সন্দেহ হয়। তারা খোঁজ নিয়ে জানতে পারেন, ওই দোকানি বাড়িতে তেল মজুত রেখেছেন। খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা আসেন। এরপর ওই দোকানির বাড়িতে অভিযান চালিয়ে ৮০০ লিটার সয়াবিন তেল পান।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার (৬ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এই অভিযান চালান।
দোকানটি রাজশাহী নগরের হাদির মোড় এলাকায়। তেল লুকিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অপরাধে ‘শাহাবুদ্দিন স্টোর’ নামে ওই দোকানের মালিক জুয়েল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাসান-আল-মারুফ জানান, ক্রেতা সেজে আমরা জুয়েলের দোকানে যাই। এ সময় তিনি বলেন, দোকানে সয়াবিন তেল নেই। এত বড় দোকানে সয়াবিন তেল নেই দেখে আমাদের সন্দেহ হয়। দোকানের পাশেই জুয়েলের বাড়ি। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তেল মজুতের বিষয়ে খোঁজ পাই। এরপর জুয়েল কোনোভাবেই বাড়িতে নিয়ে যাবেন না। একরকম জোর করে সেখানে গিয়ে দেখি ৮০০ লিটার তেল।
তিনি বলেন, সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার অভিযোগে জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে জুয়েল সব তেল বোতলে লেখা মূল্যে বিক্রি করে দেবেন বলে মুচলেকা দিয়েছেন। তেল বিক্রি না করলে তার বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়া হবে।
![]()