২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৩
শিরোনাম:

খাবার কম হওয়ার খবর দিতেই মুক্তিযোদ্ধার ছেলেকে মেয়রের ঘুষি

ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে এক যুবককে ঘুষি মারার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় মেয়রের বিরুদ্ধে। অনুষ্ঠানে খাবার কম হওয়ার খবর দিতে গিয়ে তিনি এই মারধরের শিকার হন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপনের সময় এঘটনা ঘটে। মেয়রের ঘুষি মারার পর ছাত্রলীগ নেতারা তাকে মারধর করেন।

মারধরের শিকার ওই যুবকের নাম আব্দুর রাজ্জাক। তিনি ধামরাইয়ের মুক্তিযোদ্ধা মৃত শামছুল ইসলামের ছেলে। তবে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও খাবার বিতরণের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। তবে খাবার বিতরণের সময় খাবার কম হয়। খাবার কম হওয়ার খবরটি মঞ্চে গিয়ে মেয়রকে জানানোর চেষ্টা করেন আব্দুর রাজ্জাক। মঞ্চে ওঠার সঙ্গেই ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির তার ওপরে চড়াও হন। কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে ঘুষি মারেন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেন।

সন্ধ্যায় ১৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আসে আরটিভি নিউজের হাতে। পাঞ্জাবি পরা আব্দুর রাজ্জাককে ধরে আছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার। সামনে থেকে মেয়র তাকে টানাহেঁচড়া করছেন এবং ঘুষি মারার চেষ্টা করছেন। পরে তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়।

ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি।

তবে জানতে চাইলে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা বলেন, এ ব্যাপারে তার কিছু জানা নেই। তবে একজনকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

Loading