২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৪
শিরোনাম:

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না কেন, জানালেন মোশাররফ

আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, তারা নিজেদের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না, করতে পারবেও না, কারণ আওয়ামী লীগের সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্র্রণ করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ এই স্মরণসভার আয়োজন করে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সরকার বাধা দিচ্ছে এমন অভিযোগ করে মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনিও একজন প্রধানমন্ত্রী, আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। আল্লাহর পক্ষ থেকে আপনি এর পরিণতির জন্য অপেক্ষা করেন। আপনার কী পরিণতি হয় আমরা জানি না।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করতে গিয়ে মোশাররফ বলেন, ক্ষমতায় যারা আছে তারা মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা। তাদের ওয়ান ইলেভেনের সরকার গায়ের জোরে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে, সে ক্ষমতাকে ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতায় বসে আছে বর্তমান বয়কটের সরকার।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ও কে এম ওবায়েদের মেয়ে শ্যামা ওবায়েদ, দলের নেতা নাজিম উদ্দিন আলম, সাইফুদ্দিন নিরব, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ বক্তৃতা করেন।

Loading