নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ১ শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। প্রাণ হারানোদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে ঘটা এ দুর্ঘটনার সময় ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা কেউ নিশ্চিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, ২৫/৩০জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে বিআইডাব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, নৌ পুলিশ ও কোস্টগার্ড।
এদিকে লঞ্চডুবির ঘটনায় জরুরি যোগাযোগ রক্ষার্থে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেকোনো প্রয়োজনে হটলাইন নং -১৬১১৩, টেলিফোন +৮৮২২২৩৩৫২৩০৬ ও মোবাইল নং +৮৮০১৯৫৮৬৫৮২১৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি জানান, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায়। পরে আমরা অনেককেই সাঁতরে তীরে উঠতে দেখেছি তবে অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে ৭০ জনের মত যাত্রী ছিল, উপরে যারা ছিলেন তারা সাঁতরে উঠতে পেরেছেন। তবে ভেতরের একজনও বের হতে পারার কথা নয়।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি।
নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লঞ্চটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। রূপসী ৯ নামে একটি জাহাজের ধাক্কায় আশরাফ উদ্দিন নামে ওই লঞ্চটি ডুবে যায়।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এক শিশুসহ ৪ জনের লাশ উদ্ভার করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বাকিদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ডুবে যাওয়া লঞ্চটি সনাক্ত করা হয়েছে। তাৎক্ষনিক নৌপরিবহন মন্ত্রনালয় লঞ্চ ডুবির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
![]()