রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বক্তব্য রাখেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জটিল বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তবে এসময় তিনি জানান গত ৩ মাসে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। করোনার কারণে দুই বছর পর সরাসরি সংলাপে বসলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এটাই ঢাকাতে বাইডেন প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংলাপে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভিক্টোরিয়া নুল্যান্ড। মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তার পাশাপাশি র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্র আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়াটি জটিল। তবে আমরা এ নিয়ে আরো আলোচনা করবো। কারণ নিরাপত্তা ও সন্ত্রাস দমন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
র্যাবের ওপর নিষেধাজ্ঞা রেখে দুদেশের সম্পর্ক কীভাবে উন্নত হবে এমন প্রশ্নের জবাবে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, মানবাধিকার লঙ্ঘন হলে চুপ থাকে না যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, র্যাবের কার্যকলাপ, বিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে গত তিন মাসে ভাল উন্নতি হয়েছে। এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি সর্ম্পকেও জেনেছি। বাংলাদেশ সরকার এ সংক্রান্ত পরিকল্পনা প্রতিবেদনও দিয়েছে।
এসময় ইউক্রেনে রুশ হামলায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের পাশে চান মার্কিন আন্ডার সেক্রেটারি।
তবে এ বিষয়ে দ্রুতই সমাধানের আশা করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে র্যাবের ভূমিকা তুলে ধরা হয়েছে। আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি এবং একটি অনানুষ্ঠানিক পত্র তাদেরকে হস্তান্তর করেছি। এ নিয়ে দুদেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আশা করি এ বিষয়ে দ্রুত সমাধান মিলবে।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন ভিক্টোরিয়া নুল্যান্ড। ৪ এপ্রিল দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে যাবেন এ কে আব্দুল মোমেন।
![]()