২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩২
শিরোনাম:

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করার সময় শেরপুরে জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে ডিসিগেইট মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জেলা বিএনপির একাধিক নেতা জানান, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়।

দুই গ্রুপ একত্রিত হওয়ার পর প্রথমে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের জন্য যাচ্ছিলাম। এসময় জেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম মাসুদের কিছু সমর্থক আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমার অন্তত ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছে। ঘটনায় সময় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।

এছাড়াও তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তদন্ত কমিটি গঠন করেছেন। তারপর থেকেই সেই গ্রুপের নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে।

এই অভিযোগ অস্বীকার করে জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুনিয়র-সিনিয়রদের বাড়ানোর বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত। এখানে আমার কোন হাত নেই‌। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটা মহল‌।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

Loading