২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭
শিরোনাম:

শিক্ষার্থীরা পাবে ডিএনসিসি মেয়র’স স্কলারশিপ: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো করার পাশাপাশি খেলাধূলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকতে হবে। পড়াশোনা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যারা ভালো করবে সেসকল মেধাবী শিক্ষার্থীদের ‘ডিএনসিসি মেয়র’স স্কলারশিপ’ দেয়া হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মেয়র বলেন, আমাদের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। প্রধানমন্ত্রী যেমন গুরুজনদের সম্মান করেন সেটিকে অনুসরণ করে গুরুজনদের ও বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে এবং স্নেহ করতে হবে।

এ সময় তিনি বলেন, কেউ যেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সেই শিক্ষা শিক্ষার্থীদের দিতে হবে। পড়াশোনার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকতে হবে।

বুধবার বনানী মডেল স্কুলে ‘বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী’র উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বায়ান্নর ভাষা আন্দোলনে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বনানী মডেল স্কুল মাঠে একটি শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে জানতে পারবে। বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে আমাদের লালন করতেই হবে। তাঁর কারণেই আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ, পেয়েছি একটি মানচিত্র এবং লাল-সবুজের পতাকা।

শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বনানী মডেল স্কুল মাঠের ময়লা পরিষ্কার করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ও বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শবনম জাহান শিলা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন।

Loading