রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে ডা. আহমেদ মাহী বুলবুল নামে এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। রবিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহতাব উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!ডিসি মাহতাব উদ্দিন বলেন, ডা. বুলবুল আজ ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী যাওয়ার জন্য শেওড়াপাড়ার বাসা থেকে বের হন। এ সময় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে বুলবুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডিসি আরও বলেন, আমাদের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি মারা গেছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খুঁজে বের করার চেষ্টা করছি। বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে। যতটুকু জানতে পেরেছি, বুলবুল তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কি না সেটা এখনো জানা যায়নি।
তিনি জানান, ডা. বুলবুল মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। শুধু স্বাবলম্বীদের কাছ থেকে ফি নিতেন।
![]()