২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪০
শিরোনাম:

দশম শ্রেণির সঙ্গে একাদশের ছাত্রদের সংঘর্ষে আহত পাঁচ

চাঁপাইনবাবগঞ্জের একটি স্কুল এ্যান্ড কলেজে খেলাকে কেন্দ্র করে দশম শ্রেণির ছাত্রদের সঙ্গে একাদশ শ্রেণির ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন ছাত্র আহত হয়েছেন। এদিকে এ ঘটনার ধারাবাহিকতায় অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তাকে একটি ঘরে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন ছাত্ররা।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (২৭ মার্চ) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার চরতারাপুর স্কুল এ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন, মোত্তাসিন, সাইদুল, বাবলু ও কাদের। আহতরা সবাই দশম শ্রেণীর ছাত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির দশম শ্রেণীর ছাত্র জানায়, বিদ্যালয়ের মাঠে খেলার সময় দশম শ্রেণির ছাত্রদের সাথে কলেজের একাদশ শ্রেণির ছাত্রদের সংঘর্ষ হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের অন্যান্য ক্লাসের ছাত্ররা সংঘর্ষে যোগ দেয়। এ সময় গুজব ওঠে যে, অধ্যক্ষের ভাড়া করা ৮/১০ জন যুবক ছাত্রদের ওপর চড়াও হয়েছে। এতে করে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম নিয়ে বিক্ষোভ করতে থাকে এবং অধ্যক্ষকে অবরুদ্ধ করে আটকে রাখে।

আন্দোলনকারী ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না হওয়া, করনীক ও পিয়ন ঠিকমত প্রতিষ্ঠানে না আসা এবং অধ্যক্ষ পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করায় ঠিকমত প্রতিষ্ঠানে না আসায় প্রতিষ্ঠানের মান দিন দিন খারাপ হচ্ছে।

এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার দাবি, প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয়নি। করোনার কারণে ক্লাস বন্ধ থাকলেও এখন নিয়মিত ক্লাস হচ্ছে। আর অধ্যক্ষের অনিয়মিত আসার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

অপরদিকে শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের হোসেন জানান, খবর পাবার পর পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। ঘটনাস্থল সীমান্ত এলাকা হওয়ায় যেতে সময় লাগছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল ৪টা) কলেজে অধ্যাক্ষের পদত্যাগের দাবীতে তাকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ চলছিল।

Loading