বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস দেশের মানুষ। তারা টিসিবির গাড়িতে লাইন দিচ্ছেন। আর আমাদের প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে ভারত থেকে শিল্পী এনে গান শুনছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর কারামুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশে এখান সৌজন্যবোধ, ন্যূনতম শালীনতাবোধ, সৌজন্যের সঙ্গে কথা বলা, সেটা নেই। হবেটা কেন? যাঁরা চাকর, তাঁরা যদি মালিক বনে যান, তখন সেটা কী অবস্থায় গিয়ে দাঁড়াবে? এমন এমন কথা এমন এমন লোকজন বলছেন, যাঁরা কিনা জনগণের টাকায় চলছেন। তাঁদের জীবন চলে জনগণের টাকায়, তাঁদের বেতন হয় জনগণের টাকায়, আজ তাঁরা মালিক বনে গেছেন।
বিএনপির মহাসচিব বলেন, একদিকে মানুষ টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য লাইন দিচ্ছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী ভারত থেকে শিল্পী এনে গান শুনছেন। এতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। মন্ত্রীরা বাংলাদেশ থেকে টরন্টোর ফ্লাইটে ভ্রমণ করছেন।
বিএনপি মহাসচিব বলেন, রাজনীতিবিদদের জেলে যেতে হয়, এটা স্বাভাবিক। কিন্তু যাঁরা লেখালেখি করেন, তাঁদের জেলে যাওয়াটা অস্বাভাবিক। এখন ডিজিটাল সিকিউরিটি আইনের নামে নিপীড়ন করা হচ্ছে।
কারাগারের দিনগুলোতে খোঁজখবর নেওয়া ও প্রতিবাদ করার জন্য তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে রুহুল আমিন গাজী বলেন, ১৭ মাসের কারাভোগ ইতিহাস হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী, কবি আবদুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ এবং আরও অনেকে।
![]()