২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১০
শিরোনাম:

চাঞ্চল্যকর টিপু-প্রীতি হত্যা : শুটার মাসুমের স্বীকারোক্তি

রাজধানী ঢাকার শাজাহানপুরে গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মাসুমের জবানবন্দি রেকর্ড করেন।

গত ২৮ মার্চ মাসুমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। সেই রিমান্ড শেষে মাসুমকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার।

এ সময় মাসুম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩ এপ্রিল এ মামলায় ঢাকা দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, মো. নাছির উদ্দিন ওরফে কিলার নাছির, মো. মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ দামালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে, শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে ব্যক্তিগত গাড়িতেই নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং একই সড়কে রিকসায় থাকা কলেজছাত্রী প্রীতি। ওই সময়ে টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপুর স্ত্রী কাউন্সিলর ফারজানা ইসলাম ডলি মামলা হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। এরপরই হত্যা সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ ও র‌্যাব।

Loading