৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
শিরোনাম:

র‌্যাবের নিষেধাজ্ঞা তুলতে কাজ করছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার এক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্র কিন্তু সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করে। সুতরাং এটি নিয়ে উভয় দেশ কাজ করছে এবং এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও কাজ চলছে।’

Thank you for reading this post, don't forget to subscribe!

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব এবং বাহিনীটির সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা তুলে নেয়ার জন্য বাংলাদেশ ও দেশটি কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

সচিবালয়ে নিজ কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার এক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্র কিন্তু সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করে।

‘সুতরাং এটি নিয়ে উভয় দেশ কাজ করছে এবং এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও কাজ চলছে।’

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে এবং দুই দেশের কূটনৈতিক মহলও এটি নিয়ে কাজ করছে।’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীকে পাঠানো দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির প্রসঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘সোমবার ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন। এই চিঠিতে তিনি বাংলাদেশের কয়েক বছর ধরে যে উন্নয়ন অগ্রগতি তার প্রশংসা করেছেন। এটি উন্নয়নশীল দেশের জন্য একটি উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন।

‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অনেকগুলো ক্ষেত্রে আমরা কাজ করছি, বিশেষ করে শান্তিরক্ষার ক্ষেত্রে। সন্ত্রাসবাদ দমনে, রোহিঙ্গাদের সহায়তার ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করছি। জো বাইডেন আশাবাদী যে আগের ৫০ বছরের মতো ভবিষ্যতের ৫০ বছরও এ সম্পর্ক বৃদ্ধি পাবে।’

এ চিঠির মাধ্যমে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটি ভবিষ্যতে আরও দৃঢ় হবে’ তা প্রমাণ হয়েছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র র‌্যাবের সাত বর্তমান ও সাবেক কমর্কতার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়। দেশটির পররাষ্ট্র বিভাগ ও রাজস্ব বিভাগ আলাদা আলাদা করে এ নিষেধাজ্ঞা দেয়।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন র‌্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের বর্তমান মহাপরিদর্শক তথা আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মুস্তফা সরওয়ার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আনোয়ার লতিফ খান এবং বাহিনীটির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।

Loading