বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে হামলা চালিয়েছেন তার সমর্থকরা। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পথে সিএমএম আদালত সংলগ্ন রায়সাহেব বাজার মোড়ে ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে হামলা করা হয়। এ সময় সংঘর্ষে পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
হামলা চলাকালে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
বুধবার দুপুর দুইটা ২০ মিনিটের দিকে ইশরাকের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইশরাকের পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন শুনানি করেন।
এর আগে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাককে গ্রেফতার করে পুলিশ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মতিঝিল এলাকায় প্রচারপত্র বিতরণকালে তিনি গ্রেফতার হন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এই মামলা করে পুলিশ। ওইদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা ১৮ আসনে উপনির্বাচনে অনিয়মের অভিযোগে মিছিল থেকে সোনালী ব্যাংকের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে মামলায় অভিযোগ।
এরপর ২০২০ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন ইশরাক। সেই জামিনের মেয়াদ শেষে ২০২১ সালের ৪ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি।
মহানগর দায়রা জজ সিএমএম আদালত থেকে নথি তলবপূর্বক জামিনের বিষয়ে ওই বছর ১৮ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তবে নির্ধারিত দিনে ইশরাক আদালতে হাজির হননি। তার পক্ষে সময় আবেদন করা হয়। বিচারক সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুযায়ী ইশরাককে গ্রেফতার করা হয়।
![]()