২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৬
শিরোনাম:

বিরোধী দল দমন করে সরকারের গদি রক্ষা হবে না : রিজভী

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের সকল ব্যবস্থা গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এভাবে বিরোধী দল দমন করে বিশ্বের কোনো স্বৈরশাসক গদি রক্ষা করতে পারেনি। আপনারাও পারবেন না। সাহস থাকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দিন। দেখবেন, জনগণের প্রবল স্রোত আপনার সিংসহানের দিকে কীভাবে ধেয়ে যায়! কারণ জনগণ চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ’

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ মঙ্গলবার এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে রিজভী এসব কথা বলেন। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ মানিক, রফিকুল আলম মজনু, প্রকৌশলী ইশরাক হোসেন ও শ্রমিক নেতা সুমন ভুইয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এই প্রতীকী অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম।

সংগঠনের সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, কাজী মনিরুজ্জামান মনির, ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেছারুল হক, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহেদুল কবির, এমজি মাসুম রাসেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন- সংগঠনের সেক্রেটারি ইসমাঈল হোসেন সিরাজী।

রিজভী বলেন, ‘দেশের মানুষ ভয়ংকর দুঃসময়ের মধ্যে বসবাস করছে। তাদের কথা বলা ও লেখার স্বাধীনতা নেই। অথচ সংবিধান আমাদের কথা বলা ও লেখার স্বাধীনতা দিয়েছে। কিন্তু তা শেখ হাসিনার অদৃশ্য ইশারায় বন্ধ। দেশের গণতন্ত্রের স্বাভাবিক কর্মকাণ্ড নেই। কিন্তু তারা গণতন্ত্রকে ভয় পায়। গণতন্ত্রের মানে তো বিরোধী দল আপনাদের সমালোচনা করে আপনাদের ভুল ধরিয়ে দিবে। কিন্তু আপনারা সেটা সহ্য করতে পারেন না। ’

‘দেশে শক্তিশালী বিরোধী দল নেই’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, দেশে শক্তিশালী বিরোধী দল নেই। আসলে বনের নেকড়ে সকল প্রাণি খেয়ে ফেলার পর বলছে যে আর প্রাণি নেই। আরে বিরোধী দল শক্তিশালী বলেই তো তাদেরকে আপনি কারাগারের ভয় দেখিয়ে ক্ষমতায় আছেন। তাদেরকে গোরস্থানে পাঠিয়েছেন। আসলে বিএনপি ও বিরোধী দলকে আপনি ভয় পান বলেই তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তরুণ নেতা ইশরাককে বন্দি করেছেন। শেখ ফরিদ আহমেদ মানিক, রফিকুল আলম মজনু ও সুমন ভুঁইয়াকে বন্দি করেছেন। আসলে প্রধানমন্ত্রী ভীতু।’

তিনি বলেন, ‘সরকার পাতানো সংসদ করেছে। যেখানে বিরোধী দল নেই। সেখানে মমতাজের গান হয় কিন্তু বিরোধী দলের বিতর্ক নেই। আর বলেন দেশে বিরোধী দল নেই। অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করছেন, কারাগারে বন্দি করেছেন। বিরোধী দল দমনের সমস্ত ব্যবস্থা আপনি করেছেন। এভাবে পৃথিবীর কেউ কেউ গদি রক্ষা করতে পারেনি। ’

‘আসলে আপনি আতঙ্কের মধ্যে আছেন আর রাতের অন্ধকারে ফাঁকা বুলি দিচ্ছেন। আপনার সাহস থাকলে খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি দেন। দেখবেন প্রবল স্রোত কিভাবে আপনার সিংহাসনের দিকে ধেয়ে যায়! শত নিপীড়ন নির্যাতনের মাধ্যমে জনগণ কাতারবন্দি হয়ে আপনার সিংহাসন থেকে টেনে রাজপথে ধুলার মধ্যে নামানোর সাহস জোগার করে প্রস্তুতি নিচ্ছে’, বলেন বিএনপির এই নেতা।

‘দুদকে সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ নাটক’ তথ্যমন্ত্রীর এমন মন্তব্যের উত্তরে রিজভী বলেন, ‘বিএনপি নাটক করছে। আরে আপনি বলেননি কিসের নাটক? এই নাটক তো বিখ্যাত লেখক বার্নার্ড শ’র নাটক। শেক্সপিয়ারের নাটক। সেখানে বিএনপির মতের প্রতিফলন ঘটেছে। আপনারা তো ক্ষমতায় আসার পর ১১ লাখ কোটি টাকা পাচার করেছেন। আর আমাদের কাজকে বলছেন নাটক। ওটা তো বাস্তব জীবনের নাটক। আপনারা পদ্মা সেতু, ব্যাংকসহ বিভিন্ন প্রকল্প থেকে লুট করে টাকা পাচার করেছেন। আপনারা মহা দুর্নীতি করেছেন। এজন্যে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। জনগণ এখন চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। আপনাদেরকে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।’

Loading