২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৩
শিরোনাম:

৩৫ বছরের সংসার ফেলে দেবরকে বিয়ে, নারীকে গলাকেটে হত্যা!

লক্ষ্মীপুরে শহরবানু নামের এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে পৌর শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ বলছে, ৩৫ বছরের সংসার ছেড়ে দেবরের সঙ্গে পালিয়ে শহরবানু নতুন সংসার শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় শহরবানুর সাবেক স্বামী খোকন আলী শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শহরবানুর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, প্রায় ৩৫ বছর আগে বগুড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে খোকন শেখ ও পঞ্চগড়ের দেবীগঞ্জের বাসিন্দা ফজর আলীর মেয়ে শহরবানুর বিয়ে হয়। খোকন ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় কাঁচা মালের (সবজি) ব্যবসার সুবাদে স্ত্রীকে নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তাদের সংসারে তিনজন সন্তান রয়েছে।

সেখানে ভাইয়ের বাসায় আসা-যাওয়া করতেন খোকন আলীর ছোট ভাই ফকির আলী শেখ। এতে করে দেবর ভাবির মধ্যে সখ্যতা গড়ে ওঠে। একপর্যায়ে তারা দুজন পালিয়ে এসে লক্ষ্মীপুর শহরের সিরাজ মোল্লার বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সাবেক স্বামীকে ডিভোর্স দিয়ে তিনি নতুন সংসার শুরু করেন।

পুলিশ জানায়, এতে ক্ষুব্ধ হয়ে ঢাকা থেকে লক্ষ্মীপুরে আসেন খোকন আলী। ছোট ভাই কাজে যাওয়ার ফাঁকে বাসায় ঢুকে শহরবানুকে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেন খোকন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শহরবানুকে গলাকেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন খোকন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান বলেন, ভাবিকে ভাগিয়ে এনে দেবর বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্বামী শহরবানুকে ছুরিকাঘাত করে হত্যা করেন। পুলিশ তাকে আটক করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading