রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ইডেন কলেজের ছাত্রীরা। ইডেন কলেজ থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজের দিকে যেতে চাইলে নিউমার্কেটের ব্যবসায়ীরা বাধা দেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তারা নীলক্ষেত মোড়ে জড়ো হন। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘ঢাকা কলেজে হামলা কেন’ শ্লোগান দিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করেন।
মিছিল নিয়ে নিউমার্কেটের দিকে এগিয়ে গেলে ব্যবসায়ীরা ছাত্রীদের ধাওয়া দেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে এলে পিছু হটেন ব্যবসায়ীরা।
ইডেন কলেজের ছাত্রী ঐশ্বর্য মালাকার বলেন, ‘নিউমার্কেটে কিছু কিনতে গেলে ব্যবসায়ীরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। যেকোনো বিপদে ঢাকা কলেজের ভাইয়েরা আমাদের জন্য এগিয়ে আসেন। তাই আজ তাদের বিপদেও আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা এ হামলার বিচার চাই।’
উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এরপর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আবারও ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মীরা সংঘর্ষে জড়ান। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের ইটপাটকেল ছুড়তে দেখা যায়। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান।
![]()