৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

‘বিএনপির আন্দোলনের হুমকি সাড়ে ১৩ বছর ধরে শুনছি’

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির এ আন্দোলনের হুমকি আমরা গত সাড়ে ১৩ বছর ধরে শুনছি। গণতন্ত্রে আন্দোলনের অধিকার রয়েছে। কিন্তু আন্দোলনের নামে যদি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, গাড়ি পোড়ানো, ভাঙচুর করা হয়, আন্দোলনের নামে যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কড়া জবাব দেবে। সরকারও মানুষের নিরাপত্তা বিধানের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শেষে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে আর কেউ নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম ২০১৩ সালে হিজড়াদের নারী-পুরুষের বাইরে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সরকারি চাকরি থেকে শুরু করে সব জায়গায় কাঠামো অনুযায়ী তাদের চাকরির সুযোগ নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নিজে তাদেরকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এনে ঘর দিয়ে সবার সঙ্গে বসবাসের মর্যাদা দিয়েছেন, প্রশিক্ষণের সুযোগ দিয়েছেন, যা অন্য কেউ কখনো দেয়নি, ভাবেনি।

হিজড়া সদস্যদের তিনি উদ্দেশে বলেন, পঁচাত্তর সালের পর জিয়াউর রহমান, এরশাদ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দুবার এমনকি বিশেষ ধরনের সরকারও দুই বছর ক্ষমতায় ছিলো, কিন্তু কেউ হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষকে কোনো স্বীকৃতি দেয়নি, দিয়েছেন শুধু শেখ হাসিনা। তাই আপনারা সবাই বঙ্গবন্ধুকন্যার সঙ্গে থাকবেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজড়া কল্যাণ ফাউন্ডেশন সভাপতি আবিদা সুলতানা মিতু। পরে হিজড়া সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।

Loading