২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
শিরোনাম:

২১৯ বোতল ফেনসিডিলের মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় মাদক মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বুধবার দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের জুয়েল আহসান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া গ্রামের আলমগীর ও একই উপজেলার চরদিয়াড় গ্রামের বজলু বিশ্বাস।

রায় ঘোষণার সময় আলমগীর ও বজলু আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়। অপর আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৯ জুন বিকেলের দিকে ভেড়ামারা উপজেলার ১২ দাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে আসামিদের প্রাইভেট কার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে হাইওয়ে ও বিশেষ অভিযানে দায়িত্বরত পুলিশ। এ ঘটনায় সেদিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়।

আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এম এ কুদ্দুস। সাক্ষ্য-প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Loading