২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৯
শিরোনাম:

নিউমার্কেটে সংঘর্ষের সূত্রপাতকারী দুই আসামি কারাগারে

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী ক্যাপিটাল ফাস্টফুডের দুই কর্মচারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ রোববার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর পুলিশের কাজে বাঁধা দেওয়ার মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন- বাবু হোসেন এবং কাওসার খান। নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা শরীফ সাফায়েত হোসেন আসামিদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ১০ মে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। পরে ১১ মে এ দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল দিনগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষে এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের একজন ডেলিভারিম্যান, অন্যজন দোকান কর্মচারী।

এদিকে, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি মামলা বিস্ফোরক দ্রব্য আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলাতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়েছে।

Loading